রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

মধুপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা আইসিটি মন্ত্রীর

  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। যেখানে মাদক কারবারি ও মাদকসেবীদের পাওয়া যাবে, সেখানেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

শনিবার বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, বিদ্যালয়ে যাতায়াতের জন্য সাইকেল এবং আয়বর্ধক কাজের জন্য সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

ফকির মাহবুব আনাম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আমাদের অভিভাবকেরা ভালো নেই। মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যেখানেই মাদক কারবারি ও মাদকসেবীদের পাওয়া যাবে, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে তরুণদের কর্মমুখী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, শুধু বাংলা ভাষায় দক্ষতা অর্জন করলেই হবে না; তরুণদের ইংরেজি, চীনা ও জাপানি ভাষাও শিখতে হবে। জাপান ও চীনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দক্ষ কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে মধুপুরে ভাষা শিক্ষা ও সংস্কৃতি চর্চার জন্য কালচারাল সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, কয়েক মাসের মধ্যেই মধুপুরে এআই ও ফ্রিল্যান্সিং শিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় তরুণদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং তারা বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হবে।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শামসুজ্জামান সুরুজ, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম. রতন হায়দার ও সহসভাপতি লিলি সরকার।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য সাইকেল এবং আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য উপকারভোগীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category