ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন ও পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু মারা গেছেন। হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৫৬ বছর বয়সে তার মৃত্যু হয়। তিনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) প্রবীণ নেতা ছিলেন।
শনিবার দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে সুদিব্য কুমার সোনুকে রাঁচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র রেখে গেছেন।
২০১৯ সালে গিরিডিহ আসন থেকে বিধায়ক নির্বাচিত হন সুদিব্য কুমার সোনু। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ নেতা হিসেবে তিনি পরিচিত ছিলেন। দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কৌশল নির্ধারণেও তার ভূমিকা ছিল।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সেনসহ ঝাড়খণ্ড সরকারের বিভিন্ন পর্যায়ের নেতারা। পরিবহণমন্ত্রী দীপক বড়ুয়াও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সুদিব্য কুমার সোনুর অকালমৃত্যু দল, সরকার ও পুরো রাজ্যের জন্য অপূরণীয় ক্ষতি।
মৃত্যুর কয়েক দিন আগেও সরকারি একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে কর্ণাটক সফর করেছিলেন সুদিব্য কুমার সোনু। ওই সফরের উদ্দেশ্য ছিল রাজ্যের পর্যটন খাতের উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা নিয়ে অভিজ্ঞতা বিনিময় করা।