প্রতিবেশী কোনো দেশের তুলনায় পাকিস্তানের অন্য প্রদেশগুলো থেকেই পাঞ্জাবের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি আসছে বলে মন্তব্য করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ।
তিনি বলেন, পাঞ্জাব, সিন্ধু ও বেলুচিস্তানের সীমান্তবর্তী ত্রি-সীমান্ত এলাকা এবং অন্যান্য প্রদেশের সঙ্গে সংলগ্ন অঞ্চলগুলো থেকেই মূলত এসব নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় যৌথ তল্লাশি চৌকিগুলো আরও শক্তিশালী করা হয়েছে বলেও জানান তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ওই দিন লাহোরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিবিষয়ক একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ।
আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমনে সম্ভাব্য সব উপায় এবং প্রয়োজনীয় সম্পদ কাজে লাগানো হচ্ছে।
পাকিস্তানের চারটি মূল প্রদেশের মধ্যে পাঞ্জাবের সঙ্গে সিন্ধু, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ার সীমান্ত রয়েছে। মরিয়ম নওয়াজের বক্তব্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে ভারতের মতো প্রতিবেশী।
দেশের তুলনায় দেশের অভ্যন্তরের অন্য প্রদেশগুলো থেকে আসা সন্ত্রাসী ও সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলোই পাঞ্জাবের দৈনন্দিন আইনশৃঙ্খলার জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
পাঞ্জাবের দক্ষিণে রয়েছে সিন্ধু প্রদেশ। দুই প্রদেশের মধ্যবর্তী সিন্ধু নদের অববাহিকায় চর ও জঙ্গলঘেরা দুর্গম একটি অঞ্চল রয়েছে, যা ‘কাচ্চা’ এলাকা নামে পরিচিত।
দীর্ঘদিন ধরে এই অঞ্চল ভারী অস্ত্রে সজ্জিত বিভিন্ন অপরাধী ও ডাকাতদলের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।