মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে পিংক সাইকেল’ বা গোলাপি সাইকেল উপহার দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। প্রতিটি শ্রেণিতে ছাত্রীদের শিক্ষায় আরও উৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের জন্য উপহারের কথা বলেছেন। এর অংশ হিসেবে ছাত্রীদের ‘পিংক সাইকেল’ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রাণিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
এ সময় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জন্যও পুরস্কারের কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় যারা জিপিএ-৫ পেয়েছেন, প্রধানমন্ত্রী তাদের অ্যাওয়ার্ড দেবেন।
শিক্ষামন্ত্রী আরও জানান, সদ্য এসএসসি ও সমমান পরীক্ষা পাস করা ১ লাখ ১৬ হাজার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে পড়াশোনায় উৎসাহ দিতে উপহার হিসেবে ট্যাব দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
শিক্ষায় সরকারের অগ্রাধিকারের কথা তুলে ধরে ড. এহছানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এবার শিক্ষায় জিডিপির ২ শতাংশ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করা হবে। তার দাবি, শিক্ষায় এমন বিনিয়োগ অতীতে কোনো সরকার করেনি।