বিশ্বজুড়ে প্রতি ৪৩ সেকেন্ডে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে একটি শিশু। এ রোগে বছরে পাঁচ বছরের কম বয়সী সাত লাখের বেশি শিশুর মৃত্যু হয়। বাংলাদেশেও পরিস্থিতি উদ্বেগজনক। দেশে প্রতিবছর নিউমোনিয়ায় পাঁচ বছরের কম বয়সী প্রায় ২৪ হাজার শিশুর মৃত্যু হচ্ছে। সে হিসাবে প্রতিদিন গড়ে ৬৫টিরও বেশি শিশুর প্রাণহানি ঘটছে। অথচ সময়মতো রোগ শনাক্ত, টিকাদান, পুষ্টি নিশ্চিত এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে এসব মৃত্যুর বড় অংশ ঠেকানো সম্ভব।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ব নিউমোনিয়া দিবস। এবারের প্রতিপাদ্য ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণে নতুন যুগ’। এ রোগ প্রতিরোধে টিকাদান, উন্নত রোগ নির্ণয়, কার্যকর চিকিৎসা এবং স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশের বাস্তবতায় শিশুদের জন্য এসব সেবা কতটা নিশ্চিত করা যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
ইউনিসেফের তথ্যমতে, বিশ্বে প্রতিবছর পাঁচ বছরের কম বয়সী সাত লাখের বেশি শিশু নিউমোনিয়ায় মারা যায়। প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার শিশু এ রোগে প্রাণ হারায়। শিশুদের সংক্রামক রোগজনিত মৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া। দক্ষিণ এশিয়ায় এ রোগের প্রকোপ তুলনামূলক বেশি। বিশ্বে প্রতি এক লাখ শিশুর মধ্যে বছরে নিউমোনিয়ায় আক্রান্ত হয় প্রায় ১ হাজার ৪০০ জন। দক্ষিণ এশিয়ায় এ সংখ্যা প্রায় ২ হাজার ৫০০।
বাংলাদেশের চিত্রও উদ্বেগজনক। চলতি বছরের ১৫ মে বাংলাদেশ লাং ফাউন্ডেশন ও চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে এক সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞরা জানান, দেশে প্রতিবছর নিউমোনিয়ায় প্রায় ২৪ হাজার শিশুর মৃত্যু হয়। তাঁদের মতে, হামসহ বিভিন্ন সংক্রমণের পর নিউমোনিয়া গুরুতর জটিলতা হিসেবে দেখা দিতে পারে। অপুষ্টি, পর্যাপ্ত টিকা না পাওয়া, শিশুকে বুকের দুধ পান না করানো এবং অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
বিশেষজ্ঞদের ভাষ্য, নিউমোনিয়া কেবল একটি সংক্রামক রোগ নয়; দারিদ্র্য, অপুষ্টি, পরিবেশদূষণ এবং স্বাস্থ্যসেবায় বৈষম্যের সঙ্গেও এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অপুষ্টিতে ভোগা, পর্যাপ্ত বুকের দুধ না পাওয়া এবং ঘরের ভেতরে রান্নার ধোঁয়া ও বায়ুদূষণের মধ্যে বেড়ে ওঠা শিশুদের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।
ইউনিসেফের তথ্য অনুযায়ী, বিশ্বে শিশুদের নিউমোনিয়ায় মৃত্যুর প্রায় অর্ধেকের সঙ্গে বায়ুদূষণের যোগসূত্র রয়েছে। ঘরের ভেতরের দূষিত বাতাস, রান্নার ধোঁয়া, তামাকের ধোঁয়া ও বাইরের বায়ুদূষণ শিশুদের ফুসফুসের স্বাভাবিক বিকাশ এবং রোগ প্রতিরোধক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে। এ ছাড়া অপুষ্টি, নিরাপদ পানির অভাব ও অপর্যাপ্ত স্যানিটেশনও নিউমোনিয়ার ঝুঁকি বাড়ায়।
ঢাকার বস্তি ও আশপাশের এলাকায় দুই বছরের কম বয়সী শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণ ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে ২০২৫ সালে প্রকাশিত এক গবেষণায় চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে পরিবারগুলোর বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয় উঠে এসেছে। বিশেষ করে আর্থিক অসচ্ছলতা, স্বাস্থ্যসেবা কেন্দ্রে যাতায়াতের অসুবিধা এবং রোগের লক্ষণ সম্পর্কে সচেতনতার অভাবে চিকিৎসা নিতে দেরি হয়। এর ফলে অনেক শিশুকে রোগ গুরুতর পর্যায়ে পৌঁছানোর পর হাসপাতালে নেওয়া হয়।
মাতৃ ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. শাহেদ ইমরান বলেন, নিউমোনিয়ার ক্ষেত্রে দ্রুত রোগ শনাক্ত করা অত্যন্ত জরুরি। শিশুর কাশি, জ্বর, দ্রুত শ্বাস নেওয়া কিংবা শ্বাসকষ্ট এ রোগের উল্লেখযোগ্য লক্ষণ। অবস্থা গুরুতর হলে শিশুর বুকের নিচের অংশ ভেতরের দিকে দেবে যেতে পারে। ঠোঁট ও জিহ্বা নীলচে হয়ে যাওয়ার মতো লক্ষণও দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে শিশুকে দ্রুত হাসপাতালে নেওয়া প্রয়োজন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের নির্দেশনা অনুযায়ী, নিউমোনিয়ার ধরন ও তীব্রতা বিবেচনা করে চিকিৎসা দিতে হয়। ব্যাকটেরিয়াজনিত নিউমোনিয়ায় প্রয়োজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক এবং গুরুতর অবস্থায় অক্সিজেনসহ অন্যান্য সহায়ক চিকিৎসা জীবন রক্ষায় কার্যকর। তবে সব ধরনের কাশির জন্য অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় না। চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব ওষুধ ব্যবহার করলে রোগ নিরাময়ের পরিবর্তে ওষুধ প্রতিরোধী জীবাণুর ঝুঁকি বাড়তে পারে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আফরিন জাহান বলেন, নিউমোনিয়া প্রতিরোধে নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন (পিসিভি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি হাম, হুপিং কাশি ও অন্যান্য প্রতিরোধযোগ্য রোগের টিকাও শিশুদের সুরক্ষায় সহায়তা করে। জন্মের পর প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ পান করানো, এরপর পুষ্টিকর পরিপূরক খাবার দেওয়া, ভিটামিন এ নিশ্চিত করা, নিরাপদ পরিবেশে রাখা এবং সময়মতো চিকিৎসার ব্যবস্থা করাও জরুরি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, ২০২৪ সালে বিশ্বে পাঁচ বছরের কম বয়সী ৪৯ লাখ শিশুর মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর মধ্যে নিউমোনিয়াসহ নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ ছিল দ্বিতীয় বৃহত্তম কারণ। ওই বছর মোট শিশুমৃত্যুর ১৩ শতাংশের জন্য দায়ী ছিল নিউমোনিয়া।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত করা এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত শিশুদের জন্য পর্যাপ্ত অক্সিজেন, প্রশিক্ষিত চিকিৎসক ও নার্স এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র পরিবারগুলোর জন্য সহজে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি করা জরুরি।