দেশে কতটি বোমা বিস্ফোরণ কিংবা কতটি গাড়িতে হামলার ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে বিবেচনা করা হবে, তা জানতে চেয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে হামলার ঘটনা তুলে ধরে তিনি এ প্রশ্ন করেন।
সংসদে বক্তব্য দিতে গিয়ে শফিকুল ইসলাম মাসুদ বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। সেখানে সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই দেশপ্রেমিক সেনাসদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালাচ্ছে। প্রতিবেশী বিভিন্ন রাষ্ট্রের উসকানি ও মদদে এসব ঘটনায় অনেকে নিহত ও আহত হয়েছেন। এসব পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ ও তাৎক্ষণিক তৎপরতা কতটা ছিল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও বলেন, বিভিন্ন তথ্যসূত্র ও গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে, কোনো কোনো স্থানে সেনা ক্যাম্পে থাকা অস্ত্রের তুলনায় সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে আরও অত্যাধুনিক অস্ত্র রয়েছে। অথচ সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাসদস্যদের হাতে এ ধরনের অস্ত্র নেই।
পার্বত্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা জানতে চান এই সংসদ সদস্য। তিনি বলেন, সাজেকসহ ওই অঞ্চলের শিল্প ও পর্যটন খাত ধ্বংস করার পরিকল্পনার অংশ হিসেবে পুরো পার্বত্য অঞ্চলকে হাতছাড়া করার গভীর ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা স্পষ্ট করা প্রয়োজন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগের দিনের সংসদীয় বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘সবশেষ গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাবে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি গাড়ির ওপর শুধু ককটেল বিস্ফোরণ হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যায় না। আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, শুধু কয়েকটি নয়, শত শত গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তাহলে কতজন লোক কিংবা আর কত বোমা, কত গাড়ির ওপর হামলা হলে আমরা বুঝব যে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে?’
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘লম্বা প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর হবে। আমি উত্তর দিতে দাঁড়িয়েছি প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত বিষয়ে। সেই উত্তরটা দিই।’
সাজেকের পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, সাজেক ভ্যালির নিরাপত্তা নিয়ে সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, সরকারও একইভাবে বিষয়টি দেখছে। প্রতি পর্যটন মৌসুমের আগে সাজেক ভ্যালিতে বিশেষ করে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হয়। ওই এলাকায় দখলদারত্ব বজায় রাখাকে কেন্দ্র করে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের সহযোগিতায় পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করা হয়েছে। বর্তমানে সেখানে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্বিতীয় অংশের জবাব ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে জানানো হবে।
এর আগে দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে তিনি বলেছিলেন, ‘দুয়েকটি ঘটনার কারণে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যৌক্তিক নয়।’
মন্ত্রী আরও বলেন, ‘পতিত ফ্যাসিস্ট শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের ভেতরে আত্মগোপনে থাকা তাদের সহযোগীদের সক্রিয় করার চেষ্টায় সীমান্তের ওপার থেকেও ইন্ধন দেওয়া হচ্ছে।’