তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক ক সম্মেলন (কপ-৩১)-এর উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। পরে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে সমবেত বিশ্বনেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপচারিতায় অংশ নেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, আন্তর্জাতিক ফোরামের এই সম্মিলনে প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সৌজন্য আলোচনা করেন।
সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে লিডার্স লাউঞ্জে ওআইসির মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহর সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও তাঁর শুভেচ্ছা বিনিময় হয়।
বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, সংস্থার প্রতিনিধি ও জলবায়ু বিশেষজ্ঞরা এ সম্মেলনে বিশ্বব্যাপী জলবায়ু সংকটের যৌথ সমাধান ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে অংশ নিচ্ছেন। সফরকালে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
উল্লেখ্য, তিন দিনের এই সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় গিয়ে পৌঁছান প্রধানমন্ত্রী।