ডেঙ্গুর সংক্রমণ রোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডেঙ্গু মোকাবিলায় প্রতিরোধমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করারও নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও তা মোকাবিলায় করণীয় নিয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল সরকারি সংস্থার কার্যক্রমের ওপর নির্ভর করলে চলবে না। এ কাজে সাধারণ মানুষকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি, কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ এবং ময়লা-আবর্জনা পরিষ্কারের বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। একই সঙ্গে মশার প্রজননস্থল যেন তৈরি না হয়, সে বিষয়েও স্থানীয় পর্যায়ে ব্যাপক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম আরও কার্যকর করতে দুর্যোগ ব্যবস্থাপনার স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের কর্মীদের সম্পৃক্ত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এসব স্বেচ্ছাসেবীর মাধ্যমে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কথা বলেন তিনি।
সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সিদ্ধান্তের সুফল মাঠপর্যায়ে দৃশ্যমান হতে হবে। ডেঙ্গু মোকাবিলায়, আক্রান্ত হওয়ার পর চিকিৎসার চেয়ে আগাম প্রতিরোধকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
এ সময়, ডেঙ্গু প্রতিরোধে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে আরও ব্যাপক প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপরও জোর দেন প্রধানমন্ত্রী।