রাষ্ট্র ফ্যাসিবাদী হয়ে উঠলে জুলাইয়ের ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বিপর্যস্ত হবে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মাহফুজ আলম বলেন, দেশের আগামী কয়েক বছর স্থিতিশীলতা প্রয়োজন। একই সঙ্গে বিনিয়োগকারী ও বিভিন্ন অংশীজনের আস্থা অর্জন জরুরি।
রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে এখন দ্বিমুখী লড়াই চালিয়ে যেতে হবে। একদিকে আস্থা ও স্থিতিশীলতা ধরে রাখতে হবে, অন্যদিকে জুলাইয়ের প্রত্যাশিত রাষ্ট্র ও অর্থনীতির সংস্কার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, রাষ্ট্রে আস্থা ও স্থিতিশীলতা বজায় রাখা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন পরস্পরবিরোধী নয়। বরং জুলাইয়ের ছাত্র-জনতার সামাজিক ও রাজনৈতিক অগ্রগতি প্রয়োজন।
আওয়ামী লীগের ১৬ বছরের সন্ত্রাসের ক্ষত কাটিয়ে সৃজনশীল সামাজিক ও রাজনৈতিক উত্থান ঘটাতে হবে। এ জন্য আস্থা ও স্থিতিশীলতাকে ঘিরে সৃষ্ট সব অনাহূত সংকট সম্মিলিতভাবে দূর করতে হবে।
মাহফুজ আলম আরও বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্র ও অর্থনীতিতে ব্যাপক সংস্কার কার্যকর করতে লড়াই চালিয়ে যেতে হবে। বৈষম্যহীন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সবাইকে সংগঠিত হতে হবে।
শুধু লড়াই করলেই হবে না, একই সঙ্গে রাষ্ট্রকে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি সতর্ক করে বলেন, রাষ্ট্র ভঙ্গুর বা ব্যর্থ হয়ে পড়লে জুলাইয়ের ছাত্র-জনতাই পরাস্ত হবে।