সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১০ Time View

হাম ও রুবেলার টিকা আমদানিতে ব্যর্থতা এবং এর জেরে দেশব্যাপী শিশু মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলার আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে প্রাথমিক শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এই খারিজের আদেশ দেন।

এর আগে সকালে ঢাকা মহানগর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে মামলার এই আবেদনটি করেছিলেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। তবে আইনি দিক বিবেচনা করে দুপুরের মধ্যেই আদালত আবেদনটি সরাসরি খারিজ করে দেন।

মামলায় ড. ইউনূস ও নূরজাহান বেগম ছাড়াও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরকে আসামি করা হয়েছিল।

আবেদনে বাদী শেখ মুজিবুর রহমান ইকবাল অভিযোগ করেছিলেন, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা উচ্চশিক্ষিত ও নোবেল বিজয়ী হলেও তাঁর দায়িত্বে চরম অবহেলা ও উদ্দেশ্যমূলক কর্মকাণ্ডের কারণে এ দেশের শত শত শিশুর মৃত্যু হয়েছে। তাঁর দাবি অনুযায়ী, সময়মতো টিকা না এনে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার এই ঘটনা সরাসরি হত্যাকাণ্ডের শামিল।

অভিযোগে আরও বলা হয়েছিল, মামলার অন্যান্য আসামিরা তৎকালীন সরকারের স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ পদে থেকে চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। তাঁরা উদ্দেশ্যমূলকভাবে হামের ভ্যাকসিন যথাসময়ে আমদানি না করে শাস্তিযোগ্য ও অমানবিক অপরাধ করেছেন, যা রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে প্রতারণা এবং তাদের মৌলিক অধিকার হরণের সমতুল্য।

মামলার আরজিতে বলা হয়, বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশেই শিশুদের সংক্রামক রোগ প্রতিরোধে সরকারিভাবে হাম-রুবেলা টিকা বাধ্যতামূলকভাবে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে নিয়মিত এই টিকা প্রদানের ফলে দেশে হামে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছিল। বাংলাদেশ সরকার শুরু থেকেই ইউনিসেফের মাধ্যমে এই টিকা আমদানি করে আসছিল, কিন্তু ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সেই চেনা প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হলেও সেই প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হওয়ায় দেশজুড়ে টিকার তীব্র সংকট তৈরি হয় এবং মহামারি আকার ধারণ করে।

এর আগে গত ৫ মে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই বিষয়ে কথা বলেছিলেন। তিনি জানান, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে ঠিক কী কারণে সময়মতো টিকা দেওয়া সম্ভব হয়নি, তা বর্তমান সরকার গভীরভাবে খতিয়ে দেখবে। তবে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, দেশের কোমলমতি শিশুদের মৃত্যু ঘটাতে চায় এমন কোনো খারাপ বা নেতিবাচক উদ্দেশ্য তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category