হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের দেওয়া শর্ত মেনে নেওয়ার জন্য পাঁচ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি।
তিনি বলেন, জাতিসংঘের বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্তগুলো তুলে ধরা হয়েছে। ওয়াশিংটন এসব শর্ত মেনে না নিলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে।
মোহসেন রেজায়ি আরও বলেন, ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না।
তার ভাষ্য, হরমুজ প্রণালি আলোচনার ক্ষেত্রে একটি নিশ্চয়তা হিসেবে কাজ করছে। আলোচনার টেবিলে ফিরতে হলে যুক্তরাষ্ট্রকে প্রথমে ইরানের সঙ্গে আস্থা পুনঃস্থাপন করতে হবে। একই সঙ্গে ইরান আগের কূটনৈতিক পদ্ধতিতে কিংবা ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতাধীন পরিস্থিতিতে আর ফিরে যাবে না বলেও জানান তিনি।
এক বিবৃতিতে রেজায়ি বলেন, ‘আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং আমরা যে নতুন কূটনৈতিক পথ গ্রহণ করেছি, তা পূর্ণ শক্তিতে এগিয়ে যাবে।’
তিনি আরও বলেন, ইরানের জনগণের আস্থা অর্জনের দায়িত্ব যুক্তরাষ্ট্রের।
এদিকে প্রতিবেশী দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে ইরানের উড়োজাহাজ চলাচলে বাধা না দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন রেজায়ি। তার হুঁশিয়ারি, কোনো দেশ ইরানের উড়োজাহাজকে তাদের বিমানবন্দর ব্যবহারে বাধা দিলে ইরান ওই দেশগুলোর বিমানবন্দর অচল করে দেওয়ার ব্যবস্থা নেবে।