ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রুশ বাহিনীকে সহায়তা করতে উত্তর কোরিয়া আরও ৫০ হাজারেরও বেশি সেনা পাঠাচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জেলেনস্কি জানান, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পন্ন হয়েছে। নতুন এই সেনাদলকে শিগগিরই রাশিয়ার বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হবে।
এই তথ্যের সুনির্দিষ্ট উৎস না জানালেও ইউক্রেনীয় ভূখণ্ডে উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মেলার কথা উল্লেখ করেন তিনি। তাঁর মতে, রাশিয়ার প্রযুক্তিতে সে দেশের ভেতরেই এসব সমরাস্ত্র তৈরি করছে পিয়ংইয়ং।
একই সঙ্গে বৈরী সম্পর্ক থাকা উত্তর কোরিয়ার বিপরীতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইউক্রেনের সামরিক সহযোগিতা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন জেলেনস্কি। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স) এবং ড্রোন নির্মাণের ক্ষেত্রে সিউলের সহযোগিতা পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের জুনে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় এর আগেও রাশিয়াকে সামরিক সহায়তা দিয়ে আসছে পিয়ংইয়ং। সম্প্রতি ওই অঞ্চলে সেনা সদস্য পাঠানোর পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সরঞ্জামসহ একটি বিশেষ ইউনিটও মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।