সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতুর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। বিএনপির নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন সারজিস আলম।
বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পরপর দুটি পোস্টে তিনি এই অভিযোগ করেন।
দুপুর ২টা ৪২ মিনিটে দেওয়া প্রথম পোস্টে সারজিস আলম লেখেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’ এর কিছুক্ষণ পর বিকেল ৩টা ১৩ মিনিটে দেওয়া আরেকটি পোস্টে তিনি প্রশ্ন তুলে লেখেন, ‘দ্বিতীয় দফায় বিএনপির সন্ত্রাসীরা আমাদের ওপরে আবার আক্রমণ করেছে সিলেটের পাঁচমাইল বাজারে। তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’
দলীয় সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের এক মতবিনিময় কর্মসূচি ছিল। সেটি শেষ করে পাশের একটি রেস্তোরাঁয় দুপুরের খাবারে যাওয়ার পথে সারজিস আলমের গাড়ি বহরের ওপর হামলা চালায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হামলায় সারজিস আলমের গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়।
ঘটনার সময় সেখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁদের কোনো কার্যকর তৎপরতা দেখা যায়নি বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন।