‘সেবার ব্রতে চাকরি’এই স্লোগানকে সামনে রেখে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি ছাড়া সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নোয়াখালী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৫৮ জন চাকরি পেয়েছেন। সরকারি ফি বাবদ মাত্র ১২০ টাকা খরচ করে চাকরি পেয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবেগপ্রবণ হয়ে পড়েন।
রোববার সন্ধ্যায় নোয়াখালী পুলিশ লাইন্স মাঠে আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি. এম. মোশাররফ হোসেন কৃতকার্য প্রার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণদের নাম ঘোষণা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহ্বান জানান।
পুলিশ লাইন্স সূত্র জানায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল শূন্য পদের বিপরীতে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে নোয়াখালী জেলার বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ নতুন ডিজিটাল মাধ্যম ‘ফেইস ডিটেকশন’ প্রযুক্তির সহায়তায় লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোট ৭৬ জন প্রার্থী মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাঁদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ৫৮ জনকে নিয়োগের জন্য মনোনীত করে নোয়াখালী জেলা টিআরসি নিয়োগ বোর্ড।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চূড়ান্তভাবে মনোনীত এই প্রার্থীদের পরবর্তী পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর প্রশিক্ষণের জন্য পাঠানো হবে বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে।