বাজেট উপস্থাপনের পর এই প্রথমবারের মতো বাজারে কোনো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনালে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এই জনসভার আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, আজ সকালে ঢাকা থেকে আসার সময় বিমানে বিভিন্ন পত্রিকা পড়ছিলাম। সব পত্রিকাতেই কমবেশি একটি খবর গুরুত্ব পেয়েছে যে, প্রতি বছর বাজেট পেশের পরদিন বিভিন্ন জিনিসের দাম বেড়ে যেত। কিন্তু আল্লাহর রহমতে গত পরশু বাজেট উপস্থাপনের পর এবারই প্রথম কোনো জিনিসের দাম বাড়েনি।
তিনি আরও বলেন, যে বাজেট পেশের পর পণ্যের দাম বাড়ে না, সেটিই প্রকৃত অর্থে জনগণের পক্ষের বাজেট। এবারের বাজেটে আমরা সাধারণ মানুষের কথা চিন্তা করে বিভিন্ন ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ওপর থেকে কর (ট্যাক্স) কমিয়ে এনেছি।
জনসভায় উপজেলা ও পৌরসভা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।