গাজীপুরকে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত করে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন এমপির সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্য সচিব ও গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রশিদ বলেন, ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার পেয়েছে। সর্বস্তরে আইনের শাসন, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি নিবেদিতভাবে কাজ করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি কখনো আপস করেনি। শহীদদের আত্মত্যাগের প্রতি দায়বদ্ধ থেকে নেতাকর্মীদের কাজ করে যেতে হবে।
গাজীপুরকে একটি বৈষম্যহীন ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এখানে কোনো বৈষম্য, সন্ত্রাস বা চাঁদাবাজির স্থান থাকবে না। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় জেলা বিএনপির নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রধান বক্তা বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, বিএনপি মূলধারার জনগণের দল এবং জনগণই এ দলের প্রধান শক্তি। স্বৈরাচারী শাসনামলে সীমাহীন নির্যাতন সহ্য করেও দলের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ ছিলেন। এখন কোনো ভাড়াটিয়া কিংবা সুবিধাবাদীর বিএনপির পতাকাতলে প্রয়োজন নেই।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হুমায়ুন কবির খান, ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি, মজিবুর রহমান এমপি, ওমর ফারুক সাফিন ও শাহ রিয়াজুল হান্নানসহ জেলা বিএনপির নেতারা।
আলোচনা সভায় বক্তারা তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে উদ্বুদ্ধ হয়ে শোষণমুক্ত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।