সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

দল বিবেচনায় নয়, সব কৃষকের ঋণ মওকুফ করা হয়েছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৯ Time View

দল-মত নির্বিশেষে দেশের সব ক্ষুদ্র কৃষকের কৃষি ঋণ সুদসহ মওকুফ করেছে সরকার বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

রোববার (১৯ জুলাই) সকালে পঞ্চগড়ের বোদা মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে কৃষি ঋণ মওকুফ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার অংশ হিসেবে সারাদেশে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। চলতি বছরের মধ্যে ৪১ লাখ পরিবারের মধ্যে এসব কার্ড বিতরণ করা হবে। পাশাপাশি কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে।

তিনি আরও বলেন, কৃষকদের সুবিধার্থে সার ও কীটনাশক সরবরাহ সহজ করা হচ্ছে। সেচব্যবস্থা উন্নয়নে দেশের বিভিন্ন খাল ও নদী পুনঃখননের কাজ চলছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে ঘোষণা দেওয়া হয়েছে, তার অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হচ্ছে। এছাড়া যেসব কৃষকের ঋণ মওকুফ করা হয়েছে, তাদের প্রত্যেককে পাঁচটি করে গাছের চারা দেওয়া হচ্ছে।

ফরহাদ হোসেন আজাদ বলেন, পঞ্চগড়কে দেশের অন্যতম উন্নয়নশীল জেলা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। দেবীগঞ্জে একটি কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে, যেখানে জেলার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে চলতি বছরের মধ্যেই বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।

অনুষ্ঠানে বোদা উপজেলার ৫ হাজার ৮৯৯ জন কৃষকের মোট ৮ কোটি ৭৩ লাখ টাকার কৃষি ঋণ সুদসহ মওকুফের সনদপত্র প্রদান করা হয়। একই সঙ্গে তাদের হাতে গাছের চারাও তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category