রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

গ্যাস মিললেই পূর্ণ সক্ষমতায় চালু হবে যমুনা সার কারখানা: শিল্পমন্ত্রী

  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫ Time View

গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে জামালপুরের সরিষাবাড়িতে অবস্থিত যমুনা সার কারখানা পূর্ণ সক্ষমতায় চালু করা হবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার জাতীয় সংসদ অধিবেশনে জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফরিদুল কবির তালুকদারের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার জানতে চান, যমুনা সার কারখানাটি পূর্ণ সক্ষমতায় চালু রাখা এবং স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার সরবরাহের বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কি না।

জবাবে শিল্পমন্ত্রী বলেন, যমুনা সার কারখানার উৎপাদন সক্ষমতায় কোনো সমস্যা নেই। তবে পর্যাপ্ত গ্যাস সরবরাহের অভাবই বর্তমানে প্রধান প্রতিবন্ধকতা। তিনি বলেন, “কারখানা চালুর সক্ষমতা রয়েছে, কিন্তু প্রয়োজনীয় গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাসের অপ্রতুলতার বিষয়টি জ্বালানি মন্ত্রণালয়ও ব্যাখ্যা করেছে।”

মন্ত্রী আরও জানান, দেশের সার কারখানাগুলোর জন্য পৃথক গ্যাস সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি বিশেষ গ্যাস নেটওয়ার্ক স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সম্ভাব্যতা যাচাই শেষে অনুকূল পরিস্থিতি তৈরি হলে এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

কৃষকদের জন্য সার সরবরাহ প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার নিয়মিত ভর্তুকির মাধ্যমে কৃষকদের কাছে সার পৌঁছে দিচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি কৃষি উৎপাদন সচল রাখতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category