মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার করে তা নিরাপদে ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিট। এর মাধ্যমে দীর্ঘ ৫১ ঘণ্টার উৎকণ্ঠার অবসান ঘটে এলাকাটিতে।যশোর সেনানিবাস থেকে আসা মেজর তরিকুল ইসলামের নেতৃত্বে ১৯ সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছায়। সেনাবাহিনীর সদস্যরা ধাপে ধাপে মাটি খনন করে মোট ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার করেন। এর মধ্যে ৭৯টি মানববিধ্বংসী এবং ১৭টি ট্যাংকবিধ্বংসী ল্যান্ডমাইন ছিল। পরে সন্ধ্যায় এগুলো লোকালয় থেকে দূরে মধুগাড়ী নদীর তীরে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়।
এর আগে গত শনিবার কৃষক কালু মালিথা জমিতে কাজ করার সময় মাটির নিচে এগুলো দেখতে পান। খবর পেয়ে পুলিশ ও ৪৭ বিজিবি ব্যাটালিয়ন এলাকাটি কড়া নিরাপত্তায় ঘিরে ফেলে।
স্থানীয় প্রবীণদের ধারণা, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর অগ্রযাত্রা রোধে মুক্তিযোদ্ধারা কৌশলগত স্থান হিসেবে এখানে ল্যান্ডমাইনগুলো পুঁতে রেখেছিলেন। সম্প্রতি কৃষিকাজের জন্য মাটি খনন করতে গিয়ে এগুলো প্রকাশ্যে আসে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, অত্যন্ত পেশাদারিত্ব ও সতর্কতার সাথে সেনাবাহিনী উদ্ধার অভিযান শেষ করেছে। ল্যান্ডমাইনগুলো ধ্বংস করার পর স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।