সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সুনির্দিষ্ট কোনো মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত না করে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুলও জারি করা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী, সাঈদ আহমেদ রাজা, মুস্তাফিজুর রহমান ও মোনায়েম নবী শাহীন।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত দুটি হত্যা মামলায় গত ১২ মে বিচারপতি খায়রুল হক হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। পরে তার আইনজীবীরা জানান, সব মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আপাতত কোনো আইনি বাধা নেই। তবে ওই জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ গত বুধবার আপিল বিভাগে আবেদন করেছে।