শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো: কাদের সিদ্দিকী

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৫ Time View

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর পর তাকে হাতকড়া পরানোর বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তার ছোট ভাই কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, হাতকড়া নিয়ে তাদের পরিবারের কোনো আপত্তি নেই; বরং এটি তাদের কাছে এখন নববধূর হাতে পরানো চুড়ির মতোই স্বাভাবিক একটি বিষয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের সিদ্দিকী বলেন, ‘এ নিয়ে কোনো কথা বলার নেই। এটা সরকার বুঝবে। আমাদের হাতে বহুবার হাতকড়া পড়েছে। আমরা এটাকে খারাপ কিছু মনে করি না। বিয়ের সময় মেয়ের হাতে যেমন চুড়ি পরানো হয়, আমাদের কাছে হাতকড়াও তেমনই।’

তিনি বলেন, ‘একজন নিষ্পাপ মানুষকে অন্যায়ভাবে আসামি করায় প্রতিবাদ জানাতে এসেছি। আদালতে প্রত্যেক অভিযুক্তের নিজের বক্তব্য উপস্থাপনের অধিকার রয়েছে। লতিফ সিদ্দিকীও কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। আমার বিশ্বাস, সম্মানিত মানুষকে তার প্রাপ্য সম্মান দেওয়া উচিত।’

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, তার ভাইয়ের বয়স এখন ৮৭ বছর। তিনি দাবি করেন, যে অপরাধের অভিযোগ আনা হয়েছে তা তিনি করেননি। এরপরও যদি তাকে সেই অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তবে সেটিও তারা মেনে নেবেন। তার ভাষায়, ‘আল্লাহ তখন তাকে মুক্তি দেবেন।’

শাপলা চত্বরের ঘটনার পরিকল্পনাকারী হিসেবে লতিফ সিদ্দিকীর নাম যুক্ত হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে কাদের সিদ্দিকী বলেন, তাকে পরিকল্পনাকারী বলা ঠিক হবে না। কারণ তিনি তখন সরকারের ‘কিচেন কেবিনেট’-এর সদস্য ছিলেন না। সে সময় তিনি পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং পাট মন্ত্রণালয়ের সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক ছিল না। তিনি আরও দাবি করেন, ওই সময় আওয়ামী লীগ ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন বিষয়ে লতিফ সিদ্দিকীর মতবিরোধও ছিল।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category