ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ প্রণালি থেকে দুটি বাণিজ্যিক জাহাজ জব্দ করে দেশটির উপকূলে নিয়ে গেছে। বুধবার আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তারা আগেই সতর্ক করেছিল ইরানের উপকূলে একটি জাহাজে গুলি চালানো হয়েছে এবং ওমান উপকূলে হামলায় আরেকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করা ইরানের জন্য “রেড লাইন” বা চূড়ান্ত সীমা হিসেবে বিবেচিত।
বুধবার ওমানের মাস্কাট থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে একটি জাহাজে হামলার ঘটনা ঘটে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, হামলায় জাহাজটির ব্রিজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
সংস্থাটির তথ্যমতে, আইআরজিসির একটি গানবোট কন্টেইনার জাহাজটির কাছে এসে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই গুলিবর্ষণ শুরু করে। তবে জাহাজের মাস্টার জানান, ব্রিজ ক্ষতিগ্রস্ত হলেও কোনো অগ্নিকাণ্ড বা পরিবেশগত বিপর্যয় হয়নি এবং সব ক্রু নিরাপদ আছেন।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানি বাহিনী একটি জাহাজের বিরুদ্ধে “সমুদ্র আইন” কার্যকর করেছে। তেহরানের দাবি, ওই জাহাজ একাধিক সতর্কবার্তা উপেক্ষা করেছিল।
এদিকে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেছেন, ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ বহাল থাকবে।
সূত্র: আল জাজিরা