সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

টেলিভিশনের জন্য নিরপেক্ষ কমিশন করা হবে: তথ্যমন্ত্রী

  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৯ Time View

দেশের টেলিভিশন চ্যানেলগুলোর জন্য একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, ভুয়া টিআরপি ও মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপন বণ্টনের প্রচলিত ব্যবস্থা থেকে সরকার সরে আসবে।

রোববার সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সম্পাদক ও বার্তা প্রধানদের সংগঠন টেলিভিশন এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল যুগে কোনো অনুষ্ঠান কত মানুষ দেখছেন, তার নির্ভুল তথ্য বের করা এখন কঠিন নয়। মাত্র ৫০০টি ডিভাইসের তথ্য দিয়ে দেশের কোটি কোটি দর্শকের রুচি ও দর্শকসংখ্যা নির্ধারণের পদ্ধতিকে তিনি অবাস্তব বলে উল্লেখ করেন। একইভাবে পত্রিকার মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে সরকারি বিজ্ঞাপন ও সুযোগ-সুবিধা দেওয়ার নীতিও পরিবর্তনের ইঙ্গিত দেন তিনি।

তিনি জানান, সরকার এমন একটি ডিজিটাল টিআরপি ও ডিজিটাল প্রিন্ট কাউন্টিং ব্যবস্থা চালু করতে চায়, যেখানে প্রকৃত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। ভবিষ্যতে সরকারি সুবিধা, বিজ্ঞাপন ও অন্যান্য সুযোগ-সুবিধা সঠিক পরিসংখ্যানের ওপর নির্ভর করেই বণ্টন করা হবে বলে জানান মন্ত্রী।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, কিছু প্রতিষ্ঠান কর ফাঁকি দেওয়ার জন্য গণমাধ্যমকে ব্যবহার করছে, তবে সবাই এমন কাজ করছে না। তাই সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়েই একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার।

কমিশনের কাঠামো, দায়িত্ব ও কার্যপদ্ধতি নিয়ে খুব শিগগিরই সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা শুরু হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category