বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
Title :

বিজয় দিবস নিয়ে ভারতীয় সেনাবাহিনীর বিবৃতি

  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ Time View

বাঙালি জাতির জন্য গৌরবের দিন মহান ১৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রতি বছর এই দিনটিকে বিশেষভাবে পালন করে বাংলাদেশ। নয় মাস দীর্ঘ এই যুদ্ধের শেষ দিকে ভারতীয় সেনাবাহিনী যোগ দেওয়ায় তারাও বাংলাদেশের বিজয় দিবসকে নিজেদের বিজয় দিবস হিসেবে পালন করে থাকে।

মঙ্গলবার এই দিবস উপলক্ষে সামাজিক মাধ্যম এক্স-এ একটি বিবৃতি দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয়েছে, বিজয় দিবস কেবল একটি তারিখ নয়, এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক।

বিবৃতিতে আরও বলা হয়, এটি এমন এক বিজয় ছিল যেখানে মুক্তিবাহিনী এবং ভারতীয় সশস্ত্র বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, যা একসাথে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে চূড়ান্ত স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে গেছে। এতে উল্লেখ করা হয়, “এটি এমন এক বিজয় যা ভারতের সামরিক ইতিহাসকে নতুন রূপ দিয়েছে, নতুন করে সাজিয়েছে দক্ষিণ এশিয়ার মানচিত্র এবং এক নতুন জাতির জন্ম দিয়েছে, বাংলাদেশ।”

এক্স-এ দেওয়া ওই পোস্টে বলা হয়েছে, মুক্তিযুদ্ধ পাকিস্তানি সেনাবাহিনীর সমগ্র সম্প্রদায়ের ওপর চালানো নৃশংস অত্যাচার, নিপীড়ন এবং নিষ্ঠুরতারও অবসান ঘটায়। এতে আরও বলা হয়, মাত্র ১৩ দিনে ভারতীয় সশস্ত্র বাহিনী অসাধারণ সাহস, অটল সংকল্প এবং ব্যতিক্রমী সামরিক দক্ষতা দেখিয়েছে, যার পরিণতি ৯৩ হাজার পাকিস্তানি সৈন্যের আত্মসমর্পণ, যা বিশ্ব ইতিহাসের বৃহত্তম সামরিক আত্মসমর্পণগুলোর মধ্যে একটি।

সবশেষে বলা হয়, এই দিনটি (১৬ ডিসেম্বর) নিজের বন্ধুদের প্রতি ভারতের আনুগত্যের প্রমাণ এবং তার প্রতিপক্ষদের প্রতি একটি স্পষ্ট বার্তা যে, ভারত যখন ন্যায়ের পক্ষে দাঁড়ায়, বিজয় তখন অনিবার্য।

এদিকে, বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পোস্টে মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন তিনি। অভিযোগ উঠেছে, পোস্টের কোথাও বাংলাদেশের নামই নেননি ভারতের প্রধানমন্ত্রী, বরং বলেছেন ‘ভারতের ঐতিহাসিক বিজয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category