বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১ Time View

ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের সমর্থন অতীতের মতো ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অবস্থান নীতিগত ও নৈতিক এবং একটি মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে এসেছে। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আন্তর্জাতিক ও কূটনৈতিক পরিসরে ফিলিস্তিনের পক্ষে জনমত গড়ে তোলা এবং সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ভূমিকা পালন করেছিলেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও মতবিনিময় করেন তারা।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাদের বাংলাদেশে আগমন ও শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে অন-অ্যারাইভাল ভিসা প্রদানের ক্ষেত্রে সহযোগিতা কামনা করেন তিনি।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানোর জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।

রাষ্ট্রদূত আরও প্রস্তাব দেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যদি কোনো ফিলিস্তিনি নাগরিক বা শিক্ষার্থী বাংলাদেশের ভিসার জন্য আবেদন করেন, তাহলে যাচাইয়ের সুবিধার্থে সেই আবেদনের একটি অনুলিপি যেন ঢাকায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাসেও পাঠানো হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি ও বিশ্বাস করি। ফিলিস্তিনের জনগণের কল্যাণে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।”

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার প্রসঙ্গেও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশ একটি প্রগতিশীল ও উদারপন্থী মুসলিম রাষ্ট্র। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত যেকোনো অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে।

তিনি আরও বলেন, সাইবার অপরাধ ও অপপ্রচারের সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদানকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রদূতও নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক পরিচালক (ইন-চার্জ) ফুয়াদ হাসান পরাগ এবং ঢাকায় ফিলিস্তিন দূতাবাসের প্রথম সচিব নূর এইচ. ও. আলাইদিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category