শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Title :

স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৫ Time View

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্য খাতে দুর্নীতি, ঘুষ ও দায়িত্বে অবহেলার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। এ ধরনের অপরাধে শুধু বদলি নয়, প্রয়োজনে সংশ্লিষ্টদের সরাসরি চাকরিচ্যুত করা হবে।

শনিবার (৪ জুলাই) নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ট্রান্সফার বা বদলিতে আমি বিশ্বাস করি না। সবাইকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। স্বাস্থ্য খাতে দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের কোনো সুযোগ থাকবে না। এসবের বিরুদ্ধে সরকার কোনো ধরনের প্রশ্রয় দেবে না।

স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে আরও আধুনিক করা হবে এবং সেখানে অতিরিক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে ফ্যামেলি প্লানিং সেন্টারগুলোর সেবার মানও উন্নত করা হবে।

তিনি বলেন, চলতি বছরেই স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে চায় সরকার। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন নতুন কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যাতে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে আরও মর্যাদার সঙ্গে এগিয়ে যেতে পারে।

বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, এবারের বাজেট শুধু অর্থের বাজেট নয়, এটি আদর্শের বাজেট। দুর্নীতিমুক্তভাবে প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সেই আদর্শ প্রতিষ্ঠা করা হবে।

তিনি আরও জানান, চলতি বছর ৫০ জন শিক্ষার্থী নিয়ে নরসিংদী মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে নরসিংদী নার্সিং ইনস্টিটিউটে ক্লাস অনুষ্ঠিত হবে। আর নার্সিং ইনস্টিটিউটের ক্লাস স্থানান্তর করা হবে ২৫০ শয্যা জেলা হাসপাতালের নতুন ভবনে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল কলেজের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণের কাজ চলছে। স্থান চূড়ান্ত হওয়ার পর দ্রুত নতুন ক্যাম্পাস নির্মাণ শুরু হবে। এছাড়া চীনের সহযোগিতায় দেশে নির্মাণাধীন ১৮টি আধুনিক হাসপাতালের একটি নরসিংদীতে প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এটি শহরের কাছাকাছি এলাকায় করার চেষ্টা করা হবে।

নরসিংদীর জেলা প্রশাসক ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে নরসিংদী ডায়াবেটিক সমিতির সদস্যরাও অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category