রাজধানীর লালবাগে সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা মদিনা গ্রুপের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা জেলা প্রশাসন। টানা দুই দশকেরও বেশি সময় ধরে প্রভাবশালী হাজী সেলিমের মালিকানাধীন এই গ্রুপটি জমিটি দখলে রেখেছিল। বুধবার ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লালবাগ মৌজার ১ নম্বর খাস খতিয়ানের এই সরকারি জমিটি দীর্ঘদিন ধরে মদিনা গ্রুপ দখল করে স্থাপনা নির্মাণ করেছিল। এ নিয়ে উচ্ছেদ মোকদ্দমা চললে গত ১৩ এপ্রিল সহকারী কমিশনার (ভূমি) জমি পুনরুদ্ধারের নোটিশ দেন। দখলদার পক্ষ উচ্চ আদালতে রিট করে স্থগিতাদেশ নিলেও সরকারপক্ষ আইনি লড়াই চালিয়ে যায়। গত ১২ মে চেম্বার জজ আদালত আগের স্থগিতাদেশ স্থগিত করলে জমি উদ্ধারের পথ পরিষ্কার হয়। আদালতের আদেশের পরদিনই ভারী যন্ত্রপাতি নিয়ে অভিযান চালিয়ে স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হয়।
অভিযান শেষে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সরকারি জমি দখল করে কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা এই জমি উদ্ধার করেছি এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও যোগ করেন, সরকারি সম্পত্তি জনগণের সম্পদ এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠী এটি দখল করে রাখতে পারবে না। এই অভিযান দখলদারদের জন্য একটি স্পষ্ট বার্তা।
দীর্ঘ ২০ বছর পর প্রভাবশালীদের দখল থেকে সরকারি জমি উদ্ধার হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। এলাকাবাসী জেলা প্রশাসনের এই পদক্ষেপকে সাহসী ও সময়োপযোগী হিসেবে উল্লেখ করেছেন।
তাদের মতে, প্রভাবশালী হওয়ায় এতদিন কেউ হাজী সেলিমের স্থাপনায় হাত দেওয়ার সাহস পায়নি, কিন্তু বর্তমান জেলা প্রশাসনের কঠোর অবস্থানে সরকারি সম্পত্তি পুনরুদ্ধার সম্ভব হয়েছে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমানে উদ্ধারকৃত জমি জেলা প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।