মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

যে দলের প্রধানরা পালিয়ে যায়, তাদের রাজনীতি করার অধিকার নেই: হাসনাত

  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১১ Time View

কুমিল্লার চৌদ্দগ্রামে আয়োজিত এক রাজনৈতিক কর্মসূচিতে আওয়ামী লীগের রাজনীতি ও নেতৃত্ব নিয়ে কঠোর বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ‘যে দলের প্রধানরা দেশের লাখ লাখ নেতাকর্মীদের ফেলে পালিয়ে যায়, তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।’

সোমবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে এনসিপি আয়োজিত এক পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। এদেশে আর কখনো আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না।’

বক্তব্যে হাসনাত বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ থাকলেও আওয়ামী লীগ প্রসঙ্গে অধিকাংশ দল একই অবস্থানে রয়েছে। তাঁর দাবি, ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিয়ে কঠোর অবস্থান নেওয়া হবে।

দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের বিষয়েও সমালোচনা করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, সাধারণ মানুষের সন্তানদের সুযোগ-সুবিধা সীমিত হলেও প্রভাবশালীদের সন্তানরা বিদেশে শিক্ষা ও চিকিৎসা গ্রহণের সুযোগ পাচ্ছেন। তিনি এ ব্যবস্থাকে বৈষম্যমূলক উল্লেখ করে পরিবর্তনের আহ্বান জানান।

তরুণদের কর্মসংস্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যুবসমাজকে উৎপাদনমুখী কাজে যুক্ত করতে হবে এবং সরকারি ও বেসরকারি চাকরিতে যোগ্যতার ভিত্তিতে সুযোগ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। আগামী বাজেটে তরুণদের কর্মসংস্থান ও আধুনিক শিক্ষাব্যবস্থার বিষয়গুলো অন্তর্ভুক্ত করার দাবিও জানান।

পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণে অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীকে বিরোধী মত দমনে ব্যবহার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশের কারণে অতীতেও মানুষকে গ্রেপ্তার হতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

চৌদ্দগ্রাম সীমান্তবর্তী এলাকা হওয়ায় সেখানে মাদক সমস্যাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা দেশ ও সমাজের জন্য হুমকি এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু অসাধু সদস্যের সঙ্গে মাদক কারবারিদের যোগাযোগ রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রশাসনকে আরও আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার দাবি জানান তিনি।

জাতীয় যুব শক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রায়হানের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে আরও বক্তব্য দেন জামায়াত নেতা জয়নাল আবেদীন পাটোয়ারী, এনসিপির মুখ্য সমন্বয়ক নাভীদ নওরোজ শাহ, জেলা যুগ্ম সমন্বয়কারী ইব্রাহিম খালেদসহ স্থানীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category