ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানে ফ্রান্স কোনোভাবেই অংশ নেবে না, এ অবস্থান আবারও স্পষ্ট করেছে প্যারিস। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এ কথা জানান বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
ফরাসি টেলিভিশন বিএফএম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংকট শুরু হওয়ার পর থেকেই ফ্রান্স এই সংঘাতে যুক্ত হয়নি এবং ভবিষ্যতেও এতে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তার ভাষায়, সামরিক অভিযানের উদ্দেশ্য স্পষ্ট নয় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ থাকায় এতে যুক্ত হওয়া ফ্রান্সের পক্ষে গ্রহণযোগ্য নয়।
বারো আরও বলেন, ফ্রান্স শুরু থেকেই এই যুদ্ধের বিরোধিতা করে আসছে এবং সংঘাত আরও বিস্তৃত হলে তা বৈশ্বিক অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে গুরুতর প্রভাব ফেলতে পারে।
তিনি বিশেষভাবে হরমুজ প্রণালির গুরুত্ব তুলে ধরে দ্রুত সেটি খুলে দেওয়ার আহ্বান জানান। এ বিষয়ে আন্তর্জাতিক সমন্বয়ে একটি নৌমিশন গঠনের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন, যাতে ওই অঞ্চলে নৌচলাচল স্বাভাবিক রাখা যায়।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর মতে, আন্তর্জাতিক জলসীমায় কোনো ধরনের বাধা, জোরপূর্বক নিয়ন্ত্রণ বা অর্থ আদায় মেনে নেওয়া যায় না। তাই হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক অভিযান শুরু করে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এর জবাবে ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায়। এতে করে বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যায়, যার ফলে আন্তর্জাতিক বাজারে প্রভাব পড়ে।