লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ ঘটনায় শোক প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামলায় নিহত দুই বাংলাদেশি হলেন সাতক্ষীরার রফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদ। তাদের মৃত্যুতে সরকার গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতে বাংলাদেশ দূতাবাস নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে। একই সঙ্গে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে।
বাংলাদেশ সরকার এ অঞ্চলে চলমান সংঘাত ও বেসামরিক মানুষের প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরীহ মানুষের প্রাণহানি কোনোভাবেই কাম্য নয় এবং চলমান সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।