ফেনীর ছাগলনাইয়ায় স্টারলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় সাইফুল ইসলাম (৩২) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার এক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম উপজেলার ছয়ঘরিয়া এলাকার আবদুল হাইয়ের ছেলে। আহত যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হাইওয়ে পুলিশ জানায়, অটোরিকশায় এক যাত্রী নিয়ে বারৈয়ারহাট থেকে ছাগলনাইয়ার দিকে যাচ্ছিলেন সাইফুল। পথে নিজকুঞ্জরা এলাকায় ইউটার্ন নেওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ফেনীগামী স্টারলাইন পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সাইফুল ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান এবং অটোরিকশার যাত্রী আহত হন।
ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আহত যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বাসটি জব্দ করেছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।