ময়মনসিংহের গৌরীপুরে বাসার পাশে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে জুনাইদ (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার পূর্ব দাপুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনাইদ হিরনপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। পরিবারটি বর্তমানে পূর্ব দাপুনিয়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিল।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসার পাশে বল নিয়ে একা খেলছিল জুনাইদ। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে পাশের খালের পানিতে পড়ে যায়। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে সীমানা বেড়াহীন খালটি কানায় কানায় পূর্ণ ছিল।
শিশুকে দেখতে না পেয়ে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে খালের পানিতে বল ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪০ মিনিট পর তাকে উদ্ধার করা হয়।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মুহতাসিম ফুয়াদ পরীক্ষা-নিরীক্ষা শেষে জুনাইদকে মৃত ঘোষণা করেন।
শিশুটির চাচা সোহাগ জানান, বল খেলতে খেলতেই সে খালে পড়ে গিয়েছিল।
তিন বছরের শিশুটির এমন অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো পূর্ব দাপুনিয়া এলাকায় গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।