দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন রোগী।
শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪২ জনে। শুধু অক্টোবরের প্রথম ১৬ দিনেই ৯৭ জন মারা গেছেন। এর আগে সেপ্টেম্বরে দেশের সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়। এ ছাড়া আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে ১ এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু ঘটে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৮৭২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ১০ হাজার ৩১২ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৯১ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ১ লাখ ৪ হাজার ৪৯১ জন রোগী সুস্থ হয়ে নিজ বাড়িতে ফিরে গেছেন।
বিভাগভিত্তিক তথ্যে জানা যায়, শেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যার সংখ্যা ৮৬৫ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬০, খুলনায় ২৩৩, বরিশালে ১৯০, রাজশাহীতে ১৭৩, ময়মনসিংহে ৬৭ এবং রংপুর বিভাগে ৫৯ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।