বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

বসন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১১ Time View

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক গুরুতর জখম হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. মহিউদ্দিন (৪২) ও মো. শাহীন (২৮)। মহিউদ্দিন ওই গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে এবং শাহীন মৃত খাজের আলী সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে এই দুই ব্যক্তি অবৈধ উপায়ে সীমান্ত পার হয়ে ভারতে যান। পরবর্তীতে তাঁরা কলকাতার হাওড়া হয়ে তামিলনাড়ু রাজ্যে পৌঁছান এবং সেখানে রাজমিস্ত্রি হিসেবে কাজ করছিলেন। মঙ্গলবার গভীর রাতে তাঁরা একইভাবে সীমান্ত পার হয়ে দেশে ফেরার চেষ্টা চালান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বসন্তপুর সীমান্তের বাঁশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন তাঁরা। এই সময় ওপার থেকে বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালালে দুজনেই গুলিবিদ্ধ হন।

রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাত সোয়া তিনটার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তরিত করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে যে তাঁরা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং ফেরার পথে বিএসএফের গুলির মুখে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category