সংবিধান সংশোধনের বিষয় রাজপথে নয়, সংসদেই সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে জামায়াতে ইসলামীর দাবির বিষয়ে জানতে চাইলে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংবিধান পরিবর্তন রাজপথে আলোচনা করে কোনো লাভ নেই। এ ধরনের পরিবর্তন পরবর্তী জাতীয় সংসদে জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে করা সম্ভব।
তিনি বলেন, বর্তমানে যে সংবিধান কার্যকর রয়েছে, রাজনৈতিক ও আইনি প্রক্রিয়ায় সেটিই অনুসরণ করতে হবে। কোনো আইনি বাধা বা পরিবর্তনের প্রয়োজন হলে সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই তা সমাধান করতে হবে।
এর আগে গত ১৩ আগস্ট বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এতে প্রস্তাবক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমর্থনকারী ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়।
রোববার রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
গয়েশ্বর চন্দ্র রায় জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে কোনো ত্রুটি পাওয়া না যাওয়ায় বিএনপির প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।