অনেক প্রত্যাশা নিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ শুরু করলেও বাস্তবে ঘটেছে ভিন্ন চিত্র। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের নারীরা ব্যাটিংয়ে নেমে ১৫২ রানে অলআউট হয়েছেন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দলের পক্ষে হাল ধরতে ব্যর্থ হয়েছেন প্রায় সকলে।রোববার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। ম্যাচটি মাঠে গড়ানোর আগেই শুরু হয় বৃষ্টি। তবে কিছুক্ষণ পরে বৃষ্টি থামলে খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। টস জিতে ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।ব্যাটিংয়ে নেমে ১৫.১ ওভার পর্যন্ত ২ উইকেটের বিনিময়ে ৪০ রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপরে আবারও শুরু হয় বৃষ্টি। তাতে খেলা ৫০ ওভার থেকে কমিয়ে ৪৪ ওভারে আনা হয়। তবে শেষ পর্যন্ত ৪৪ ওভার পর্যন্ত ব্যাটিংয়ে থাকতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ৪৩ ওভারে ১৫২ রান তুলতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এছাড়া ৪৫ বলে ২৭ রান করেন ফারজানা হক। এ দিন ওপেনিংয়ে নেমে ব্যর্থ হয়েছেন শারমিন আক্তার। ১৮ বল খেলে তিনি রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। আরেক ওপেনার মুর্শিদা খাতুন ৩০ বলে মাত্র ১৩ রান করে আউট হয়েছেন।