বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হবেন একজন মনোবিদ। আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজের আগেই নিয়োগ চূড়ান্ত করবে বিসিবি। জানিয়েছেন, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। বোর্ডের বিবেচনায় আছে মেগা ইভেন্টে টাইগার স্কোয়াডে একজন মেন্টর নিয়োগের বিষয়টিও। আপাতত ব্যস্ত সূচির জন্য ভারতে নয়, বিশ্বকাপের ক্যাম্প দেশেই করার পরিকল্পনা করছে বিসিবি।
বিশ্বকাপ শুরু হতে বাকি নেই ৬ মাস। মেগা ইভেন্ট সামনে রেখে এরই মধ্যে মেগা পরিকল্পনা করছে বিসিবি। বিশ্বকাপের আয়োজক ভারত। তাই সেখানেই ক্যাম্প করার পরিকল্পনা ছিল ক্রিকেট বোর্ডের। কিন্তু বিশ্বকাপের সূচিই যেখানে চূড়ান্ত করতে পারেনি আয়োজকরা, সেখানে বাংলাদেশের জন্য ক্যাম্পের ভেন্যু বরাদ্দ দেয়াটা কঠিনই বটে। তাই ভারতে গিয়ে ক্যাম্পের পরিকল্পনা থেকেও সরে এসেছে বিসিবি।
বিশ্বকাপ সামনে রেখে অনেক দলই কিংবদন্তী ক্রিকেটারদের মেন্টর হিসেবে দলের সঙ্গে রাখে। যদিও বাংলাদেশ দলে এর প্রচলন নেই। কিন্তু এবারের বিশ্বকাপে সেই রীতি ভাঙতে পারে বিসিবি। তবে চূড়ান্ত হয়েছে মনোবিদ নিয়োগের বিষয়টি।
জালাল ইউনুস বলেন, ‘আমাদের সবার একসঙ্গে বসে ঠিক করতে হবে আমাদের মেন্টরের প্রয়োজন আছে কিনা। আগে আমাদের পরিকল্পনা ছিল, ভারতের কোনো সাবেক ক্রিকেটারকে আনতে পারি আমরা। তবে এখন তা হচ্ছে না। ফলে আয়ারল্যান্ড সিরিজের পরে একজন মেন্টর আমাদের দলে যোগ দেবে।’প্লেয়ার ড্রাফটের পর আইপিএল থেকে তাসকিনকে চেয়েছিল বিসিসিআই। কিন্তু বর্তমান দেশ সেরা পেসারকে ছাড়েনি বিসিবি। বোর্ডের অনুরোধে সাকিব-লিটনও জাতীয় দলের দায়িত্ব শেষ করে আইপিএলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই তিনজনকেই আর্থিকভাবে পুরস্কৃত করেছে ক্রিকেট বোর্ড।