ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চেন্নাই বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। রোববার (১১ অক্টোবর) তামিলনাড়ু তথ্য ও জনসংযোগ বিভাগের (টিএনডিআইপিআর) বরাতে এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
চেন্নাই সফরকালে ভারতের প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। সফরের শুরুতেই তিনি পোরুর বাইপাস স্টেশন থেকে পুনামাল্লি বাইপাস স্টেশন পর্যন্ত চেন্নাই মেট্রোতে ভ্রমণ করবেন এবং একই পথে ফিরে আসবেন। পাশাপাশি শহরের ঐতিহাসিক জালাকান্তেশ্বর মন্দিরে পূজা নিবেদন করবেন তিনি।
মেট্রো ভ্রমণ ও মন্দির দর্শনের পর আইআইটি মাদ্রাজের ‘ব্রেন সেন্টার’ পরিদর্শনে যাবেন নরেন্দ্র মোদি। এ সফরের মূল আকর্ষণ হিসেবে তামিলনাড়ুর জন্য ১৩ হাজার কোটি রুপিরও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও সরকারের হাতে হস্তান্তর করবেন তিনি। এসব প্রকল্প উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এছাড়া চেন্নাইয়ের জয়গোপাল গারোদিয়া হিন্দু বিদ্যালয় ম্যাট্রিকুলেশন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসবে অন্যতম প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন নরেন্দ্র মোদি। সেখানে শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন ভারতের প্রধানমন্ত্রী।