কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেছেন কৃষি ও মৎস্য, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ আমিন উল রশিদ ইয়াসিন।
খামারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক উদবাতুল বারী আবু এবং কুমিল্লা ওয়াসার দায়িত্বপ্রাপ্ত আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
পরিদর্শনকালে মন্ত্রী খামারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও খামারিদের স্বার্থে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি।
মন্ত্রী প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে ‘প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র’ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা জানান।
তাঁর এ উদ্যোগ ও দিকনির্দেশনায় স্থানীয় খামারি এবং প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্টদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।