জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে “ন্যাশনাল কনফারেন্স ২০২৩: জার্নালিজম, মিডিয়া এবং কমিউনিকেশন” শীর্ষক দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৪ অক্টোবর) সমাপনী দিনে সকাল সাড়ে ৯টায় কনফারেন্স শুরু হয়। এসময় ২টি সেশনে গণমাধ্যম বিষয়ক ৯টি প্রবন্ধ এবং পরবর্তীতে সকাল সোয়া ১১টায় আরও ২টি সেশনে যোগাযোগ বিষয়ক ৯টি প্রবন্ধ উপস্থাপিত হয়।
এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমানের সভাপতিত্বে দুপুর ২টায় “জার্নালিজম প্র্যাকটিসেস ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস এন্ড প্রসপেক্ট” বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের ১৩ জন শিক্ষক এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ১১ জন ব্যবস্থাপক আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বৈঠকে সাংবাদিকতার প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে সবিস্তার আলোচনা হয়। সাংবাদিকতার শিক্ষকরা মনে করেন বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চা ও গবেষণার স্থান, দক্ষতা শেখানোর আবশ্যিক স্থান নয়। দক্ষতা শেখানো হবে ইন্সটিটিউটে। অন্যদিকে, গণমাধ্যমে কর্মরত ব্যক্তিবর্গ মনে করেন বিশ্ববিদ্যালয় থেকে যে শিক্ষার্থীরা শিখে আসবে তারাই এগিয়ে থাকবে।
সন্ধ্যা ৭টায় দুইদিন ব্যাপী এই কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ। তিনি বলেন ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শুধু পাঠ্যবই পড়ান না, বরং নিজেদের জ্ঞান শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেন। আর তা হয় গবেষণার মাধ্যমে। সাংবাদিকতার ক্ষেত্রে নৈতিকতা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সাথে ভালো খারাপ দুই ধরনের সংবাদ প্রচার করা উচিত।’