আগামী বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী এ সফরে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
সফরের শুরুতে পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর ফুলগাজীতে বৃক্ষরোপণ কর্মসূচি, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। একই অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সফরের বিস্তারিত কর্মসূচি জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশে রওনা হবেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পরশুরামে পৌঁছাবেন। এরপর খেয়াঘাট-মুহুরী ব্রিজ এলাকায় গিয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন। সেখানে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করারও কথা রয়েছে।
দুপুর ১টা ১৫ মিনিটে পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। দুপুর দেড়টার দিকে কলেজ প্রাঙ্গণে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
এরপর দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে ডাকবাংলোয় দুপুরের খাবার গ্রহণ ও বিশ্রাম নেবেন তিনি।
বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করা হবে।
সফরসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ছাড়বেন প্রধানমন্ত্রী। রাত সাড়ে ৯টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এরই মধ্যে পরশুরাম ও ফুলগাজীতে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধনস্থল, জনসভাস্থল এবং বিভিন্ন অনুষ্ঠানস্থলে অবকাঠামো তৈরির কাজ চলছে। পাশাপাশি সড়ক সংস্কার, সৌন্দর্যবর্ধন ও অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।
পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে জনসভাস্থল প্রস্তুতের কাজ চলছে। সেখানে মঞ্চ ও উদ্বোধনী ফলক স্থাপনের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে। এ ছাড়া পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে।
জনসভায় আসা মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থাও করা হচ্ছে। সভাস্থলে পানির ট্যাংক, পোর্টেবল টয়লেটসহ প্রয়োজনীয় স্যানিটেশন ব্যবস্থা স্থাপন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন এবং সড়ক মেরামতের কাজও চলছে।
সড়কে যান চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে ফেনী-পরশুরাম প্রধান সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে সংস্কারকাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। একই সঙ্গে পরশুরাম-সুবার বাজার সড়কের জনসভাস্থলসংলগ্ন অংশেও প্রয়োজনীয় মেরামত করা হচ্ছে। ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানেও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।
এর আগে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ফেনী সফরের দিন নির্ধারিত ছিল। পরে ওই সফর স্থগিত করা হলে নতুন করে ১ অক্টোবর সফরের তারিখ নির্ধারণ করা হয়।