প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে ইইউর বিভিন্ন দেশের নাগরিকত্ব পাওয়া মানুষদের মধ্যে বাংলাদেশিদের অবস্থান ২১তম। তালিকায় প্রথম স্থানে রয়েছে আফ্রিকার দেশ মরক্কো।
কোন দেশে বেশি নাগরিকত্ব পেয়েছেন বাংলাদেশিরা?
ইউরোস্ট্যাট জানায়, বাংলাদেশিদের অর্ধেকেরও বেশি ২০২১ সালে ইতালির নাগরিকত্ব গ্রহণ করেছেন। পরিসংখ্যান অনুযায়ী, ইইউর বিভিন্ন দেশের নাগরিকত্ব পাওয়া মোট আট হাজার ৯০০ বাংলাদেশির মধ্যে শতকরা ৫৭ দশমিক ৪ শতাংশ ভূমধ্যসাগর তীরের দেশ ইতালির নাগরিকত্ব গ্রহণ করেছেন। এ ছাড়া ১০ দশমিক ২ শতাংশ স্পেনের নাগরিকত্ব পেয়েছেন। ৮ দশমিক ৮ শতাংশ পর্তুগালের এবং ৮ দশমিক ২ শতাংশ ফ্রান্সের নাগরিকত্ব পেয়েছেন। বাকিরা ইইউর জোটভুক্ত অন্যান্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন।
শীর্ষে মরক্কো
দ্বিতীয় অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া। দেশটির মোট ৮৩ হাজার ৫০০ জন ইইউর বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। তৃতীয় অবস্থানে রয়েছে বলকান রাষ্ট্র আলবেনিয়া। এই দেশটির মোট ৩২ হাজার ৩০০ জন ২০২১ সালে ইইউর বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন।
তালিকায় দশম অবস্থানে রয়েছে পাকিস্তান। দেশটির মোট ১৬ হাজার হাজার ৬০০ জন ২০২১ সালে ইইউভুক্ত দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। এর পরই ১১তম স্থানে আছে ভারত। দক্ষিণ এশিয়ার এই দেশটির মোট ১৬ হাজার ২০০ জন ২০২১ সালে জোটভুক্ত দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন।
বাড়ছে নাগরিকত্ব প্রদানের হার
ইউরোস্ট্যাটের পরিসংখ্যান বলছে, ২০২১ সালে ইইউর দেশগুলোতে মোট নাগরিকত্ব পাওয়ার বিদেশিদের সংখ্যা আগের বছরের তুলনায়, অর্থাৎ ২০২০ সালের তুলনায় শতকরা ১৪ ভাগ বেশি। সেই হিসেব অনুযায়ী, ২০২১ সালে ইইউর দেশগুলোর দেয়া মোট নাগরিকত্বের সংখ্যা ২০২০ সালে তুলনায় ৯৮ হাজার ৩০০ জন বেশি।
এই সময়ে ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলোর নাগরিকত্ব প্রদানের সংখ্যা তুলনামূলক বেড়েছে তার মধ্যে রয়েছে ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইডেন এবং অস্ট্রিয়া।