রেকর্ডের মুকুটে আরেকটি পালক যোগ হলো পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। আন্তর্জাতিক ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে ২০০ ম্যাচের মাইলফলক অর্জন করলেন পর্তুগিজ এই কিংবদন্তির। আইসল্যান্ডের বিপক্ষে ইউরো বাছাই পর্বের ম্যাচটি খেলতে নেমেই ইতিহাসের প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ম্যাচের ডাবল সেঞ্চুরি করে ফেললেন তিনি।
রেকর্ড গড়া ম্যাচেও গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমনিতে ১২২ গোল নিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ আসনে বসে রয়েছেন তিনি। এবার ১ গোল করে দলকে যেমন জয়ের বন্দরে পৌঁছালেন, তেমনি ১২৩তম গোল করে রেকর্ড গড়া ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন ৩৯ বছর বয়সী এই তারকা।
এমনিতেই ২০০তম ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত ছিলেন এই পর্তুগিজ তারকা। তারওপর তার গোলেই যখন আইসল্যান্ডের বিপক্ষে দল ১-০ ব্যবধানে জয়লাভ করে তখন, একে ‘সোনায় মোড়ানো’ উপাধি দেয়া ছাড়া আর কোনো উপায় থাকে না।
পুরো ম্যাচেই গোলবঞ্চিত থাকতে হয় পর্তুগিজদের। ব্রুনো ফার্নান্দেজ, বার্নর্ডো সিলভা, রুবেন দিয়াজদের মত ফুটবলাররা একের পর এক আক্রমণ করেও আইসল্যান্ডের জাল যখন ভেদ করতে পারছিলো না, তখন রোনালদোই বাজিমাত করেন। ম্যাচের ৮৯তম মিনিটে গোলটি করে বসেন সিআর সেভেন।
গনকালো ইনাসিওর হেড পাস থেকে ছোট বক্সের ডানপ্রান্তে বল পেয়ে যান রোনালদো। এরপর ডান পায়ের দুর্দান্ত এক শটে আইসল্যান্ডের জালে বল জড়িয়ে দেন তিনি। তবে ভিএআর চেক করে গোলের সিদ্ধান্ত দিতে হয় রেফারিকে।