বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

সিরিজ জিততে সহজ লক্ষ্য পেল টাইগাররা

  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৭১ Time View

টাইগার বোলারদের তোপে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেনি আফগানিস্তান। রশিদদের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টিতে সিরিজ জিততে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ।রোববার (১৬ জুলাই) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৭ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করেছে সফরকারীরা। বৃষ্টি আইনে ম্যাচ জিততে টাইগারদের করতে হবে ১১৯ রান। সিরিজের প্রথম ম্যাচে ২ উইকেটের জয় পেয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা।

এর আগে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচের শুরুতেই বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন পেসার তাসকিন আহমেদ। আক্রমণে এসে নিজের প্রথম দুই ওভারে দুই আফগান ওপেনারকে সাজঘরে ফেরান তিনি। ইনিংস শুরুর পঞ্চম বলে তাসকিনের শর্ট লেংথের বল ক্রিজ ছেড়ে বের হয়ে খেলতে গিয়ে ওপরে তুলে দেন গুরবাজ। এগিয়ে গিয়ে তাসকিন নিজেই তালুবন্দি করে নেন বল। ৫ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন গুরবাজ।
 
এরপর তৃতীয় ওভারের চতুর্থ বলে তাসকিনের বলে খোঁচা দিয়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন হযরতউল্লাহ জাজাই। মাত্র ১৬ রানেই ২ উইকেট হারায় আফগানরা। এরপর ক্রিজে এসে দলের হাল ধরেন মোহাম্মদ নবি ও ইব্রাহিম জাদরান। কিন্তু তাদের জুটিতে আসেনি ৩২ রানের বেশি। মাঝে বৃষ্টির বাধায় দেড় ঘণ্টার বেশি সময় বন্ধ ছিল ম্যাচ। ওভার কমে আসায় হাত খুলে ব্যাট চালানোর চেষ্টা করেন এ দুই ব্যাটার। কিন্তু টাইগার বোলারদের তোপে তারা ক্রিজে টিকতে পারেননি। ইনিংসের দশম ওভারে আক্রমণে এসে মুস্তাফিজের স্লোয়ারে কট-বিহাইন্ড হন নবি।
 
আগের ওভারে নাসুমের বলে সাকিব ও লিটনের হাতে জীবন পাওয়া এ ব্যাটার থামে ২২ বলে ১৬ রান করে। পরের ওভারে আক্রমণে আসা সাকিবকে তুলে মারতে গিয়ে লং অনে আফিফের হাতে ধরা পড়েন ইব্রাহিম। ২৭ বলে ২২ রান আসে তার ব্যাট থেকে। ওভারের প্রথম বলে ইব্রাহিমকে আউট করার পর শেষ বলে সাকিব বোল্ড করেন ক্রিজে আসা নাজিবুল্লাহ জাদরানকে। তিনি ৩ বলে ৫ রান করেন। দলীয় ৬৭ রানে পঞ্চম উইকেট হারায় আফগানরা।
 
ষষ্ঠ উইকেটে অবশ্য প্রতিরোধ গড়ে তুলে আজমতউল্লাহ ওমরজাই ও করিম জানাত মিলে ২৯ বলে ৪২ রান এনে দেন দলকে। ওমরজাই ২১ বলে ২৫ ও করিম ১৫ বলে ২০ রান করে আউট হন। শেষদিকে রশিদ খান এসে ৩ বল মোকাবিলায় একটি বিশাল ছক্কা হাঁকান। তাতে তাদের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ১১৭ রান।
 
টাইগার বোলারদের মধ্যে তাসকিন ৪ ওভারে ৩৩ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন। ২টি করে উইকেট নেন সাকিব ও মুস্তাফিজুর।
 
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত আফগানদের বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস নেই বাংলাদেশের। তবে এবার সে সুযোগ থাকছে টাইগারদের সামনে। আগের ১০ বারের দেখায় ৬ জয় রশিদদের আর ৪ জয় লাল সবুজের প্রতিনিধিদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category