মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Title :

সব ধরনের আয়করমুক্ত থাকবে ফ্রিল্যান্সিং খাত:তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী

  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১০ Time View

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ফ্রিল্যান্সারদের আয়ের ওপর কোনো উৎসে কর দিতে হবে না। সব ধরনের আয়করমুক্ত থাকবে ফ্রিল্যান্সিং খাত।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘বিএফএসআই ক্লাউড এবং সাইবার সিকিউরিটি’ শীর্ষক নলেজ শেয়ারিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফেলিসিটি ইন্টারনেট ডাটা সেন্টার এ অনুষ্ঠানের আয়োজন করে।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তিবান্ধব আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে ফ্রিল্যান্সিং খাতের উন্নয়ন ও বিকাশে ফ্রিল্যান্সারদের জন্য প্রশিক্ষণ, উদ্যোক্তা হিসেবে তৈরি করতে অনুদান প্রদান, তাদের আইডিসহ নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করেছে। সাম্প্রতিক সময়ে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে এবং ফ্রিল্যান্সারদের বিভ্রান্ত করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। এমনকি তারা বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও আমাকে নিয়েও অপপ্রচারে লিপ্ত।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের সঙ্গে কথা বলে আমি নিশ্চিত হয়েছি, ফ্রিল্যান্সারদের আয়ের ওপর কোনো ধরনের উৎসে কর দিতে হবে না। তারা আয়করের আওতার বাইরে থাকবেন। এমনকি ফ্রিল্যান্সাররা দেশে রেমিট্যান্স আনলে তাদের ৪ শতাংশ ইনসেনটিভ দেওয়া হয়, যা দেশের অর্থনীতিতে অবদান রাখছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্বের নানা প্ল্যাটফর্ম থেকে যে পরিমাণ ডাটা বর্তমানে বাংলাদেশে আসছে, সেগুলো যদি পুরোটা সংরক্ষণ করতে পারি, তাহলে বিলিয়ন ডলার বিজনেস অপোরচুনিটি তৈরি হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফর উল্লাহ, ফাইবার অ্যাট হোম লিমিটেডের চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী এবং বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম প্রমুখ।

এদিকে, শনিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক একই তথ্য জানিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে যে, ফ্রিল্যান্সারদের আয়ের ওপর ১০ শতাংশ কর আরোপ করেছে সরকার। বিষয়টি তেমন নয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরও বলেন, সেবা খাত বলতে এটাকে বুঝানো হয়নি। সেবা খাত বলতে বিদেশি পণ্য পরিবহন করে বাংলাদেশের শিপিং লাইন কর্তৃক অর্জিত আয় ও ইনডেন্টিং ব্যবসায়ের আয়কে বোঝানো হয়েছে। কোনো অবস্থাতেই ফ্রিল্যান্সারদের রেমিট্যান্সের ওপর কর আরোপ করা হয়নি। বিষয়টি এনবিআরও বাংলাদেশ ব্যাংককে নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category