লিবিয়ায় নজিরবিহীন বন্যায় তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণও।মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রেড ক্রসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির লিবিয়ার দূত তামের রমজান জেনেভায় জাতিসংঘের এক ব্রিফিংয়ে হতাহত এবং নিখোঁজের এই সংখ্যা তুলে ধরেন।
গত রোববার (১০ সেপ্টেম্বর) আফ্রিকার দেশটির পূর্ব উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানে। প্রচণ্ড বাতাস ও ভারি বৃষ্টিপাতের কারণে বেনগাজি, তবরুক, তৌকরা, আলমার্জ, তাকনেস, আলওয়াইলিয়া, বায়াদা, বালবায়াদা, শাহহাত, সুসা ও দেরনার মতো শহরগুলোতে ব্যাপক বন্যা দেখা দেয়।