রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের নতুন সময় নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। সিদ্ধান্ত অনুযায়ী আগামী রবিবার সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে, যা চলবে ২৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত।
বুধবার (১৮ আগস্ট) বিকেলে রাকসুর নির্বাচন কমিশনারদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আমজাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে অনুযায়ী, রাকসুর মনোনয়নপত্র বিতরণ করা হবে ২৪ থেকে ২৬ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত; মনোনয়নপত্র দাখিল করা যাবে ২৭ ও ২৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত; মনোনয়নপত্র বাছাই হবে ৩১ আগস্ট ও ০১ সেপ্টেম্বর; প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ২ সেপ্টেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
আগের তফসিল অনুযায়ী পরবর্তী তারিখগুলোতে কোনো পরিবর্তন আনা হয়নি। তফসিল অনুযায়ী, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর; ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিটি আবাসিক হলে ভোট গ্রহণ, অর্থাৎ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ওই দিনই ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
পূর্বনির্ধারিত তফসিল অনুযায়ী, আজ বুধবার সকাল ৯টা থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণ দেখিয়ে আজ রাত সাড়ে ১১টার পর এক বিজ্ঞপ্তিতে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনা শুরু হয়। ছাত্রনেতারা বিষয়টিকে ‘ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেন। পরে আজ বিকেলে রাকসুর নির্বাচনের সময় (১৫ সেপ্টেম্বর) অপরিবর্তিত রেখে নতুন করে মনোনয়নপত্র সংগ্রহের তারিখ জানাল নির্বাচন কমিশন।