বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

মসজিদুল হারামে একসঙ্গে তারাবিহ পড়লেন ২৫ লাখ মুসল্লি

  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২৪০ Time View
মক্কার পবিত্র মসজিদুল হারামে একই সঙ্গে তারাবিহ নামাজে অংশগ্রহণ করেছেন প্রায় ২৫ লাখ মুসল্লি। বুধবার (১৯ এপ্রিল) রমজানের ২৮তম রাতে অনুষ্ঠিত এ নামাজে ২৫ লাখেরও বেশি মুসল্লি অংশ নেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেট।

মূলত খতম তারাবি বা খতম আল-কুরআনের নামাজ রমজান মাসজুড়ে রাতে তারাবিহ নামাজের সময় পুরো কোরআন তেলাওয়াতের সমাপ্তিকে বোঝায়। সৌদি সরকারের প্রশাসনিক দপ্তর টু হোলি মস্ক’স অ্যাফেয়ার্সের প্রেসিডেন্সির প্রধান আবদুর রহমান আল-সুদাইস মক্কার পবিত্র মসজিদুল হারামে ওই নামাজে ইমামতি করেন।

এদিকে খতম আল-কুরআনের নামাজে ইমামতির পর আব্দুর রহমান আল-সুদাইস মহান আল্লাহর কাছে এ বরকতময় রাতে সকল মুসলমানকে ক্ষমা করার এবং তাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য প্রার্থনা করেন। তিনি সৌদি আরবসহ দেশের নেতাদের, সেই সঙ্গে বিশ্বের সব মুসলিম দেশকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করার জন্য এবং নিরাপত্তা, সুরক্ষা এবং স্থিতিশীলতা প্রদানের জন্য দোয়া করেন।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে ওই নামাজে অংশ নিতে মুসল্লিরা গ্র্যান্ড মসজিদে ভিড় করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মসজিদুল হারামের চত্বর, নিচ তলা, দ্বিতীয় তলা, ছাদ, আশপাশের হোটেল এবং যাওয়া-আসার রাস্তা সবখানেই বিপুল পরিমাণ মুসুল্লি অবস্থান নেন।

উল্লেখ্য, সৌদি আরবে গত ২৩ মার্চ পবিত্র রমজান মাস শুরু হয়। বৃহস্পতিবার দেশটিতে ২৯তম রমজান চলছে এবং আজ সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে শুক্রবার (২১ এপ্রিল) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে চাঁদ দেখা না গেলে শুক্রবার ৩০তম রোজা পালন শেষে পরদিন শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category