মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান তেল ক্রয়কে কেন্দ্র করে ভারতের ওপর কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বারবার ভারতকে মস্কোর সঙ্গে বাণিজ্য থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন।
সোমবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, এই বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার কথা হয়েছে।
মোদি তাকে আশ্বাস দিয়েছেন যে ভারত রাশিয়ান তেল ক্রয় সীমিত করবে। তবে যদি ভারত তা না মানে, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ট্রাম্প তার পূর্ববর্তী মন্তব্য পুনর্ব্যক্ত করে বলেন, “আমি মোদির সঙ্গে কথা বলেছি, এবং তিনি বলেছেন যে রাশিয়ার সঙ্গে তেলের কোনো নতুন চুক্তি করবেন না।”
তিনি আরও বলেন, নয়াদিল্লি যদি শর্ত মানে না এবং রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করে, তাহলে ভারতের ওপর “ব্যাপক শুল্ক” আরোপ করা হবে।
এর আগে, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর পশ্চিমা দেশগুলো রাশিয়া থেকে তেল ক্রয় বন্ধ করে এবং নিষেধাজ্ঞা আরোপ করে।
রাশিয়ান তেলের দাম ও অংশীদার কমে যাওয়ায় ভারত সেই সুযোগ কাজে লাগিয়ে রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠে।
ওয়াশিংটন ইতিমধ্যেই ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে।
ট্রাম্প বারবার বলেছেন, নয়াদিল্লি মস্কোর সঙ্গে অপরিশোধিত বাণিজ্য বন্ধ না করলে শুল্ক বহাল থাকবে এবং প্রয়োজন হলে আরও বৃদ্ধি পাবে।