রাজধানীর বিজয়নগরে একটি বাসে আগুন দিয়েছে বিএনপি-জামায়াতের কর্মীরা। শনিবার (২৮ অক্টোবর) বিকেলে নাইটিংগেল মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেয় তারা ।
ঘটনাস্থল থেকে দেখা গেছে, আগুনে দাউ দাউ করে জ্বলছে যাত্রীবাহী বাসটি। সেখান থেকে পাশের ভবনেও ছড়িয়ে পড়ছে আগুন। উপরের বৈদ্যুতিক তার পর্যন্ত আগুন পৌঁছে যাওয়ায় পাশের খুঁটিতে বিস্ফোরণ হতে দেখা যায়।
পুরো এলাকাজুড়ে সহিংসতার কারণে আগুন নেভাতে বাসের কাছে কেউ যেতে পারছেন না।
তবে এই ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনো জানা যায়নি।
এর আগে কাকরাইল, ফকিরাপুলসহ আশপাশের বিভিন্ন জায়গায় পুলিশের ওপর ব্যাপক হামলা চালায় বিএনপি-জামায়াত কর্মীরা। রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন দেয় তারা।
ডিএমপি জানিয়েছে, বিএনপির হামলায় রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১৯ জন আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন।এছাড়া একজন পুলিশ নিহত হয়েছে।
এর আগে, রাজধানীর বিজয়নগরে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। কালভার্ট মোড়, পুরানা পল্টন ও সেগুন বাগিচা- এই তিন দিক থেকে ঘেরাও করে পুলিশকে আক্রমণ করে বিএনপিসহ সমমনা দল ও জোটের নেতাকর্মীরা।
এছাড়া সংবাদমাধ্যমের কর্মীদের লক্ষ্য করেও দফায় দফায় হামলা চালিয়েছেন বিএনপি-জামায়াত কর্মীরা। এতে দৈনিক ইত্তেফাক, কালবেলা, ঢাকা টাইমসের সাংবাদিক আহত হয়েছেন। এদের একজনের পা ভেঙে গেছে। গুরুতর আহত হয়েছেন কেউ কেউ। হামলা চালিয়ে সময় টিভির গাড়িও ভাঙচুর করা হয়।